যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেছেন, “নগরীর যানজট নিরসনে দেওয়া ঘোষণা শুধু মুখে সীমাবদ্ধ থাকবে না, এর বাস্তব প্রয়োগও দেখা যাবে। নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়া মোড়কে যানজটমুক্ত রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর চাষাঢ়ায় ট্রাফিক নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবকদের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মডেল গ্রুপ ও ‘উই আর ভলান্টিয়ার’ নামে সংগঠন যৌথভাবে এ কার্যক্রমের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
পুলিশ সুপার বলেন, “নারায়ণগঞ্জের হার্ট হলো চাষাঢ়া মোড়। এই হার্ট যাতে কেউ ব্লক করতে না পারে, সে বিষয়ে আজ আমরা ঘোষণা দিলাম। এই ঘোষণা শুধু মুখে থাকবে না, বাস্তব ক্ষেত্রেও আমরা তা দেখব।”
তিনি বলেন, চাষাঢ়া মোড়কে যানজটমুক্ত রাখতে পারলে নারায়ণগঞ্জে যাতায়াতকারী মানুষের কর্মঘণ্টা নষ্ট হওয়া অনেকটাই রোধ করা সম্ভব হবে। চাষাঢ়াকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অটোরিকশার স্ট্যান্ড ও হকার বসে। সবার সহযোগিতায় এগুলো নিয়ন্ত্রণে কাজ করা হবে।
হাবিবুর রহমান বলেন, চাষাঢ়া থেকে শুরু হওয়া এ কার্যক্রম ধীরে ধীরে নগরের অন্যান্য যানজটপ্রবণ এলাকাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ শহরকে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’, যানজটমুক্ত ও অপরাধমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। বর্তমানে শুরু হওয়া কার্যক্রমটি স্বল্পমেয়াদি পরিকল্পনার অংশ।
পরবর্তী সময়ে মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে সরকারের কাছে প্রয়োজনীয় প্রস্তাব দেওয়া হবে জানিয়ে পুলিশ সুপার বলেন, সংসদ সদস্য ও সিটি করপোরেশনের প্রশাসকের মাধ্যমে এসব প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হবে। সেগুলো বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও অপরাধমুক্ত শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, বিকেএমইএর সহসভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সোহেল আক্তার সোহান ও ‘উই আর ভলান্টিয়ার’-এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনুসহ অনেকে।





































