০৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৮, ৫ অক্টোবর ২০২৬

৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু

৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু

দীর্ঘ আট বছর বিরতির পর নারায়ণগঞ্জ সদর উপজেলায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কাব ক্যাম্পুরী। আগামী ৫ নভেম্বর থেকে পাঁচ দিনব্যাপী ষষ্ঠ কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫৫০ জন কাব শিশু অংশ নেবে।

সোমবার (৫ অক্টোবর) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ সদর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

সভায় জানানো হয়, আগামী ৫ নভেম্বর থেকে শিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঁচ দিনব্যাপী এ কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হবে। ক্যাম্পুরী সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, অংশগ্রহণকারী শিশুদের নিরাপত্তা, আবাসন, খাবার ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, কাব ক্যাম্পুরীর মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, দেশপ্রেম, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি স্কাউটিংয়ের আদর্শ ও চেতনা আরও সম্প্রসারিত হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘দীর্ঘ আট বছর পর ষষ্ঠ কাব ক্যাম্পুরী আয়োজন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। স্কাউটিং শিশুদের শুধু বইয়ের শিক্ষা নয়, বাস্তব জীবনের শিক্ষাও দেয়। এই ক্যাম্পুরী শিশুদের মধ্যে নেতৃত্বগুণ, আত্মনির্ভরশীলতা ও দেশপ্রেম জাগ্রত করবে।’

তিনি বলেন, ‘৫৫০ জন কাব শিশুর জন্য নিরাপদ, শিক্ষণীয় ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটি নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করবে।’

ক্যাম্পুরী সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ইউএনও।

সর্বশেষ

জনপ্রিয়