২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:০৬, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানের পর বাবারও মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানের পর বাবারও মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়েবাড়িতে আসার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের চার দিন পর হেলাল উদ্দিনের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে ওই ঘটনায় নিখোঁজ একই পরিবারের চারজনের সবার মরদেহ উদ্ধার হলো।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মারিখালি নদীর রতনটুর সেতুর নিচ থেকে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে সোনারগাঁ পল্লীবিদ্যুৎ অফিসসংলগ্ন মারিখালি নদী থেকে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন।

এর আগে ২৪ সেপ্টেম্বর মেঘনা নদীতে ট্রলারডুবির পর হেলাল উদ্দিনসহ একই পরিবারের চারজন নিখোঁজ হন। ২৬ সেপ্টেম্বর ভোররাত থেকে সকাল পর্যন্ত হেলালের ছেলে সজিব (২৪), মেয়ে সামিনা (১৭) ও সামিনের (৫) মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর দুপুরে বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার সাজিয়া আক্তার ও শিশিরের বিয়েতে অংশ নিতে স্বজনেরা কুমিল্লার হোমনা থেকে ট্রলারে করে সোনারগাঁয়ে আসছিলেন। মেঘনা নদী পার হওয়ার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে যাত্রীরা নদীতে পড়ে যান।

সর্বশেষ

জনপ্রিয়