২৫ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৮, ২৪ আগস্ট ২০২৬

মহাসড়কের পাশে ময়লার ভাগাড়, রূপগঞ্জে সড়ক অবরোধ

মহাসড়কের পাশে ময়লার ভাগাড়, রূপগঞ্জে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও দীর্ঘদিনের ভাগাড় অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে মহাসড়কের তারাব বিশ্বরোড ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার তারাব বিশ্বরোড এলাকায় এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী এলাকাবাসী।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তারাব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ময়লা-আবর্জনা নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রায় তিন বছর ধরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফেলা হচ্ছে। এতে সেখানে বড় আকারের ময়লার ভাগাড় তৈরি হয়েছে।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকায় পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি মহাসড়ক দিয়ে চলাচলকারী পথচারী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরাও দুর্ভোগে পড়ছেন।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা প্রায় তিন শতাধিক পরিবার এই ময়লার ভাগাড়ের আশপাশে বসবাস করছি। ময়লার দুর্গন্ধে পরিবারের সদস্যরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বৃষ্টির সময় ময়লা-আবর্জনা পানির সঙ্গে বাড়িঘরেও ঢুকে পড়ে।”

তারা আরও বলেন, মহাসড়কের একাংশ ময়লার স্তূপের কারণে সংকুচিত হয়ে যাওয়ায় যান চলাচলেও সমস্যা হচ্ছে। এতে প্রায়ই ওই এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের দাবি, আবাসিক ও ব্যস্ত বাণিজ্যিক এলাকা থেকে ময়লার ভাগাড়টি দ্রুত অপসারণ করে নির্জন কোনো স্থানে পরিবেশবান্ধব পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করতে হবে।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর সামাজিক ও রাজপথের কর্মসূচি দেওয়া হবে।

পরে স্থানীয় বিএনপি নেতাদের ও পুলিশের আশ্বাসে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

সর্বশেষ

জনপ্রিয়