২৫ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৯, ২৪ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে যুবসমাজ রক্ষায় মাদকবিরোধী ঐক্যের ডাক এলাকাবাসীর

সিদ্ধিরগঞ্জে যুবসমাজ রক্ষায় মাদকবিরোধী ঐক্যের ডাক এলাকাবাসীর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পূর্বপাড়ায় মাদকবিরোধী ঐক্যের ডাক দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের সহায়তায় এলাকায় মাদক নির্মূল এবং যুবসমাজকে মাদক থেকে রক্ষার অঙ্গীকার করেছেন তারা।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে মিজমিজি পূর্বপাড়ার সচেতন নাগরিকদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ অঙ্গীকার করা হয়।

স্থানীয় বাসিন্দা হাজী ইসহাক মিয়ার সভাপতিত্বে সভায় স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এলাকার বিভিন্ন স্থানে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান।

সভায় ১ নম্বর ওয়ার্ডের সচিবের দায়িত্বে থাকা রাকিবুল ইসলাম বলেন, যৌথ বাহিনীর সহযোগিতায় ওয়ার্ডে নিয়মিত মাদকবিরোধী অভিযান চলছে। মাদক নির্মূলে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, “আজ থেকে মাদকের বিরুদ্ধে আমরা একত্রিত হয়ে যুবসমাজকে রক্ষার উদ্যোগ নিয়েছি। থানা পুলিশের সহযোগী হিসেবে আমরা কাজ করব। তবে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সেদিকেও সতর্ক থাকতে হবে।”

মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা অভিযোগ করেন, এলাকার বিভিন্ন অলিগলিতে সহজেই মাদক পাওয়া যাচ্ছে। মাদক কারবারিদের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। মাদক নির্মূলে স্বজনেরাও জড়িত থাকলে তাদের ছাড় না দেওয়ার কথা বলেন তিনি।

ওয়ার্ড বিএনপি নেতা ফজলু খান অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ে মাদক কারবার চলছে। তিনি বলেন, স্থানীয় বাসিন্দারা ঐক্যবদ্ধ হলে মাদক ও ছিনতাই বন্ধ করা সম্ভব।

সভাপতির বক্তব্যে হাজী ইসহাক মিয়া বলেন, “আজ থেকে আমরা নিয়মিত মাদকের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করব। প্রয়োজনে কারবারিদের ধরে পুলিশের কাছে হস্তান্তর করব।”

সভায় ১ নম্বর ওয়ার্ডের বিট পুলিশের দায়িত্বে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওলিউল্লাহ ও শামীম রেজা স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
এসআই শামীম রেজা বলেন, পুলিশ নিয়মিত মাদক কারবারিদের গ্রেপ্তার করে আদালতে পাঠাচ্ছে। মাদক নির্মূলে স্থানীয়দের কাছ থেকে তথ্য ও সহযোগিতা প্রয়োজন।

এসআই মো. ওলিউল্লাহ বলেন, গত ১৮ মাসে তিনি সিদ্ধিরগঞ্জে বেশ কয়েকজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন। অনেককে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, “আপনাদের সহযোগিতা থাকলে এ এলাকাকে মাদকমুক্ত করার চেষ্টা করব। মাদক কারবারিদের বিষয়ে কেউ ঝুঁকি মনে করলে গোপনে পুলিশকে তথ্য দিতে পারেন। মাদকমুক্ত সমাজ গড়তে আমরা আপনাদের পাশে থাকব।”

সভায় যুবদল নেতা জিতু, শাহেদুল ইসলাম, স্থানীয় বাসিন্দা চিকিৎসক মিজানুর রহমান, শেখ জামাল, শফিকুল ইসলাম, হাবিব ডাক্তার, বিল্লাল হোসেন, সজল, শাকিল শাওন, মুন্না, কালাম, শেখ ফরিদ, ছোট শাকিল ও সাব্বিরসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়