২৫ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪১, ২৪ আগস্ট ২০২৬

জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করাই সফলতা: গিয়াস

জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করাই সফলতা: গিয়াস

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “যে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে এবং জান্নাত লাভ করতে পারে, সেই হলো সফল।”

সোমবার (২৪ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এম এ হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এবং প্রাথমিক সরকারি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

গিয়াসউদ্দিন বলেন, “সফলতা কী? আমরা যে কাজ করব, সেই কাজের চূড়ান্ত বিজয় লাভ করা কিংবা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করাই সফলতা।”

তিনি বলেন, “জ্ঞান অর্জনের লক্ষ্য যেহেতু ইহকালীন ও পরকালীন কল্যাণ লাভ করা, তাই তোমরা অর্জিত জ্ঞান দিয়ে প্রথমে দুনিয়ার কল্যাণ করবে। এরপর আখেরাতের কল্যাণ লাভ করবে।”

তিনি আরও বলেন, “যে স্রষ্টা তোমাকে-আমাকে সৃষ্টি করেছেন, তিনি তাঁর বাণীতে সফলতার সংজ্ঞা ঘোষণা করেছেন। সফল সে-ই, যে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে এবং জান্নাত লাভ করতে পারে।”

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের সভাপতি আলী আকবর খান, গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের প্রধান শিক্ষক হালিমা বেগম, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য শিশির ঘোষ অমর, ফজলে খোদা সোহেল, রাজিব আহমেদ ও এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ডের পরিদর্শক মহিম উদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী ফারহানা আক্তার ও ফারুক হোসেন রাজু।

সর্বশেষ

জনপ্রিয়