১২ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৯, ১১ আগস্ট ২০২৬

ক্ষুদিরাম বসুর স্মরণে ছাত্র ফ্রন্টের আলোচনা সভা

ক্ষুদিরাম বসুর স্মরণে ছাত্র ফ্রন্টের আলোচনা সভা

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের কনিষ্ঠতম শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখা।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় সংগঠনটির জেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিপ্লবী চেতনার প্রতীক শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব কমরেড আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় অর্থ সম্পাদক সুলতানা আক্তার, জেলা সংগঠক আহমেদ রবিন স্বপ্ন, সরকারি তোলারাম কলেজের ছাত্রনেতা ইফতি আহাম্মেদ জিহাদ, কদমরসুল কলেজের ছাত্রনেতা আমির হামজা এবং নারায়ণগঞ্জ কলেজের ছাত্রনেতা লাগারথা লিথি।

সভায় বক্তারা বলেন, শহীদ ক্ষুদিরাম বসু ছিলেন শোষণের বিরুদ্ধে ও স্বাধীনতার পক্ষে নির্ভীক সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক। মাত্র ১৮ বছর বয়সে হাসিমুখে ফাঁসির মঞ্চে জীবন দিয়ে তিনি তরুণ সমাজকে অন্যায় ও পরাধীনতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা জুগিয়েছেন।

বক্তারা বলেন, পরাধীনতার শৃঙ্খল থেকে মাতৃভূমিকে মুক্ত করতে ক্ষুদিরাম বসু ও তাঁর সহযোদ্ধা প্রফুল্ল চাকী ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে অভিযান চালান। এ ঘটনা ব্রিটিশবিরোধী সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান করে নেয়।

তারা আরও বলেন, ক্ষুদিরাম বসুর সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগ শুধু ইতিহাসের অংশ নয়; যুগের পর যুগ অন্যায় ও শোষণের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। বর্তমান সময়েও সামাজিক বৈষম্য, নিপীড়ন ও বঞ্চনা বাড়ছে। এসবের বিরুদ্ধে অধিকার আদায়ের সংগ্রামে ক্ষুদিরামের বিপ্লবী আদর্শ নতুন প্রজন্মকে পথ দেখাবে।

আলোচনা সভা থেকে বক্তারা বিপ্লবী ক্ষুদিরাম বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘লাল সালাম’ জানান।

সর্বশেষ

জনপ্রিয়