তোলারাম কলেজে শিবির নেতাদের ওপর হামলার নিন্দা মহানগর জামায়াতের
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি, সেক্রেটারি ও অর্থসম্পাদকের ওপর ছাত্রদলের হামলার অভিযোগে গভীর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের শান্ত, ধৈর্যশীল ও আইনসম্মত আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৫ আগস্ট) এক বিবৃতিতে এ নিন্দা ও আহ্বান জানান নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে সহিংসতা, দমন-পীড়ন বা আধিপত্য বিস্তারের চেষ্টা কোনোভাবেই গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শান্তিপূর্ণ সহাবস্থান, আইনের শাসন এবং পারস্পরিক সহনশীলতার মাধ্যমেই একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত বৃদ্ধি পেলে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ তৈরি হতে পারে, যা দেশের সার্বিক স্বার্থের জন্য ক্ষতিকর। এ ধরনের পরিস্থিতির সুযোগ নিয়ে বিতাড়িত স্বৈরাচারী শক্তি সুবিধা আদায়ের চেষ্টা করতে পারে। তাই পরিস্থিতি শান্ত রাখতে বিএনপি ও ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
মাওলানা আবদুল জব্বার প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তোলারাম কলেজের ঘটনাটি অনতিবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি রাজনৈতিক সহনশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।





































