মতিন চৌধুরীর আদর্শ আজও অনুপ্রেরণার উৎস: আশা
নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র, পাট ও বস্ত্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বন্দরে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু এবং বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ পনেছসহ দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেন, আব্দুল মতিন চৌধুরীর রাজনৈতিক জীবন, শিক্ষা বিস্তারে তাঁর অবদান এবং রূপগঞ্জের উন্নয়নে তাঁর ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
তিনি বলেন, “মতিন চৌধুরী ছিলেন জনমানুষের নেতা এবং বিএনপির একজন যোগ্য নেতৃত্ব। তাঁর আদর্শ ও কর্ম আজও নারায়ণগঞ্জবাসীর কাছে অনুপ্রেরণার উৎস।”
তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে আব্দুল মতিন চৌধুরী নারায়ণগঞ্জের উন্নয়ন এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
অনুষ্ঠান শেষে মরহুম আব্দুল মতিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।





































