ছাত্রনেতা সাইদুর রহমানের নিখোঁজ প্রসঙ্গে যা জানালো ছাত্র ফেডারেশন
নারায়ণগঞ্জে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা শাখার সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমানের নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে ফিরে আসা নিয়ে বিস্তারিত জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৩ জুন) রাতে এক বিবৃতিতে বিস্তারিত জানিয়ে সংগঠনের নেতারা বলেন, সাইদুর সুস্থ আছেন। তার খোঁজ মিলেছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ১৯ জুন (শুক্রবার) রাত আনুমানিক ৮টা থেকে সাইদুর রহমান নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর পরিবার ও সংগঠনের পক্ষ থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং প্রশাসন তদন্ত শুরু করে।
বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালে ছাত্র ফেডারেশনের তৎকালীন নেতা শাহরিয়াজ শুভ্র নিখোঁজ হওয়ার দুই দিন পর তার মরদেহ উদ্ধার হওয়ার ঘটনা সংগঠনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। সেই প্রেক্ষাপট ও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সাইদুর রহমানের নিখোঁজ হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
এই পরিস্থিতিতে গত ২২ জুন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাইদুর রহমানকে দ্রুত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা।
পরবর্তীতে একই দিন রাত সাড়ে ১০টার দিকে নগরীর গলাচিপা এলাকার বাসা থেকে সাইদুর রহমানকে পাওয়া গেছে বলে জানান গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন। তিনি বলেন, সাইদুরকে তার বাসা থেকে নিয়ে সংগঠনের কার্যালয়ে আনা হয়েছে এবং তার সঙ্গে কথা বলা হচ্ছে।
পরে আয়োজিত কর্মীসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভাপতি মশিউর রহমান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ এবং সাংগঠনিক সম্পাদক শুভ দেব উপস্থিত ছিলেন। সেখানে সাইদুর রহমান তার নিখোঁজ থাকার বিষয়ে ব্যাখ্যা দেন।
তিনি জানান, পারিবারিক ও ব্যক্তিগত কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কাউকে না জানিয়ে চট্টগ্রামে চলে যান। তার সঙ্গে কোনো মোবাইল ফোন বা যোগাযোগের মাধ্যম না থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরবর্তীতে পরিস্থিতি অনুধাবন করে তিনি নারায়ণগঞ্জে ফিরে আসেন এবং পথিমধ্যে এক বন্ধুর মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তার মানসিক সুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে সাংগঠনিকভাবে তাকে সাময়িক ছুটি দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।
এছাড়া নিখোঁজ থাকা থেকে শুরু করে সন্ধান পাওয়া পর্যন্ত প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা।





































