ফতুল্লায় দিলীপ রায়ের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টা, ঘর ভাঙচুর এবং নারীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ব্যবসায়ী দিলীপ রায় ও তার সহযোগীদের বিরুদ্ধে।
এ ঘটনায় পূর্ব ইসদাইরের বাসিন্দা কুলসুম বেগম বাদী হয়ে গত ২৭ জুন ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে দিলীপ রায়, বিশালসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ফতুল্লা মৌজায় ৫ দশমিক ৫০ শতাংশ জমি কিনে সেখানে টিনের ঘর নির্মাণ করে দীর্ঘ ১৭ বছর ধরে বসবাস করছেন তারা। গত ২১ জুন বিকেলে দিলীপ রায় ১০-১২ জন সহযোগী নিয়ে বাড়িতে প্রবেশ করে ঘর ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে কুলসুম বেগম ও তার পুত্রবধূ নাসরিন আক্তারকে মারধর ও গালিগালাজ করা হয়। এছাড়া কুলসুম বেগমকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এবং তার ছেলেকে ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে অভিযুক্ত দিলীপ রায়ের বক্তব্য পাওয়া যায়নি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





































