২০ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫২, ২০ জুন ২০২৬

আপডেট: ২০:৫৩, ২০ জুন ২০২৬

শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

গাইবান্ধার পলাশবাড়ীতে হিন্দুদের আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।

শনিবার (২০ জুন) সকাল ১১টায় নগরীর পালকি কমিউনিটি সেন্টারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

সমাবেশে বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা বলেন, ভগবান শ্রীরামচন্দ্র কোটি কোটি হিন্দু ধর্মাবলম্বীর শ্রদ্ধা ও ভক্তির প্রতীক। তাঁকে নিয়ে কটূক্তি বা অবমাননাকর মন্তব্য শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে না, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক শান্তি বিঘ্নিত করতে পারে। তাই সকল ধর্ম ও ধর্মীয় ব্যক্তিত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন। তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উসকানিমূলক কর্মকাণ্ড দেশের ঐতিহ্যবাহী সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে পারে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান বক্তারা।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর সাধারণ সম্পাদক অরুন দেবনাথ, জেলার সহ-সভাপতি ও বন্দর উপজেলা সভাপতি হরি সাহা, সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, অর্থ সম্পাদক পিন্টু রায়, মহানগর সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা ও অবিনাশ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক হিমাদ্রি সাহা হিমু, সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা ও অজয় সূত্রধর, অজয় বিশ্বাস রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার সাহা পিংকু, জীবন সাহা, গৌতম দত্ত, প্রচার সম্পাদক মানিক বিশ্বাসসহ সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়