২০ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৭, ২০ জুন ২০২৬

ফ্রেশ অ্যাপারেলসের ১৪ দফা দাবিতে শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ও সমাবেশ

ফ্রেশ অ্যাপারেলসের ১৪ দফা দাবিতে শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ও সমাবেশ

ফ্রেশ অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকদের ১৪ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা।

শনিবার (২০ জুন) দুপুর ২টায় শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মালিকপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন ফ্রেশ অ্যাপারেলস শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক রাকিবুল ইসলাম।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহ-সভাপতি হাসনাত কবির, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি রুহুল আমিন সোহাগ, গাবতলী পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি শহিদুল ইসলাম, তল্লা আঞ্চলিক শাখার সংগঠক কামাল হোসেনসহ শ্রমিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ফ্রেশ অ্যাপারেলস লিমিটেডে দীর্ঘদিন ধরে শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিকদের ওপর বঞ্চনা ও বৈষম্য চলছে। সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন না করা, সময়মতো বেতন না দেওয়া, অর্জিত ছুটির টাকা না দেওয়া এবং সার্ভিস বেনিফিট থেকে বঞ্চিত করার অভিযোগ করেন তারা।

তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। অথচ ন্যায্য দাবি বাস্তবায়নে মালিকপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না।

সমাবেশে ১৪ দফা দাবির মধ্যে রয়েছে— ন্যূনতম মজুরি বাস্তবায়ন, ৭ কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ, বকেয়া মজুরি প্রদান, নিয়োগপত্র ও সার্ভিস বুক নিশ্চিতকরণ, চাকরি শেষে আইনানুগ সুবিধা প্রদান, মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিতকরণ, হাজিরা বোনাস ও নাস্তার বিল বৃদ্ধি, শ্রমিক হয়রানি বন্ধ এবং সকল পাওনা পরিশোধ।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নে উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতির দায় মালিকপক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলেও তারা জানান।

সর্বশেষ

জনপ্রিয়