“ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিলেন ডিসি রায়হান কবির
বিশ্বজুড়ে “ফুটবল ম্যান” হিসেবে পরিচিত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী মাসুদ রানা মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় গুরুতর অসুস্থতার কারণে চিকিৎসা ব্যয় বহনে অক্ষমতার কথা জানিয়ে তিনি মানবিক সহায়তা প্রার্থনা করেন।
আবেদন শোনার পরপরই জেলা প্রশাসক মো. রায়হান কবির তাৎক্ষণিকভাবে তাকে আর্থিক সহায়তা প্রদান করেন। একইসঙ্গে উন্নত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
মাসুদ রানা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুনা গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত শামসুর রহমান মোল্লার সন্তান। ছোটবেলা থেকেই ফুটবলকে কেন্দ্র করে কঠোর অনুশীলনের মাধ্যমে বল নিয়ন্ত্রণ ও স্টান্টে অসাধারণ দক্ষতা অর্জন করেন তিনি। তার এই প্রতিভার স্বীকৃতি হিসেবে নাম ওঠে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
তার কৃতিত্ব নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। “ফুটবল ম্যান” হিসেবে পরিচিত মাসুদ রানা জানান, তিনি লাল-সবুজের পতাকাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও উঁচুতে তুলে ধরতে চান।
সাক্ষাৎ শেষে তিনি বলেন, জেলা প্রশাসক অত্যন্ত মানবিক এবং ক্রীড়াপ্রেমী একজন মানুষ। তার সহায়তায় তিনি নতুন করে অনুপ্রেরণা পেয়েছেন।
তিনি আরও বলেন, দেশের মানুষের দোয়া ও সহযোগিতা পেলে শিগগিরই নতুন ইভেন্ট নিয়ে আবারও সবার সামনে হাজির হতে চান তিনি।





































