বন্দরে বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন মঞ্জিলের ইন্তেকাল
নারায়ণগঞ্জের বন্দরে বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন মঞ্জিল (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। পরে মঙ্গলবার (২৩ জুন) ভোর ৪টার দিকে বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বন্দর উপজেলার ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার মৃত কালু সিকদার মিয়ার ছেলে।
মঙ্গলবার বাদ জোহর দড়ি সোনাকান্দা বাইতুস সালাত জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে স্থানীয় সোনাকান্দা কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার পর বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহিমা আক্তার ইতি মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন।
এ সময় উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, মরহুমের স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





































