ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন, জেলা প্রশাসকের আশ্বাস
আড়াইহাজার উপজেলায় ভোটাররা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কালাপাহাড়িয়া ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, মাঠপর্যায়ের পরিস্থিতি অনুকূলে রয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন ও উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম। প্রশাসন কেন্দ্রগুলোর কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা জেলা প্রশাসককে অবগত করেছেন।
এদিকে, নির্বাচনী কর্মকর্তাদের জন্য একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।
প্রশিক্ষণে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ভোট সংক্রান্ত আইন, ভোটগ্রহণ পদ্ধতি এবং ব্যালট ও ইভিএম ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের দিন পর্যন্ত কেন্দ্রগুলোতে কড়া নজরদারি থাকবে এবং বিশৃঙ্খলা রোধে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে।





































