শিক্ষা ও চিকিৎসা টাকার কাছে বিক্রি হয়েছে: বিপ্লব
নারায়ণগঞ্জ-৫ আসনের বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী আবু নাঈম খান বিপ্লব বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ১৫ নং ওর্য়াডের নয়ামাটি, টানবাজার, মিনাবাজার, নিমতলা, সিটিকলনী, থানাপুকুরপাড় ও চেম্বাররোড এলাকায় গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাসদ জেলা বর্ধিত ফোরামের সদস্য ও ৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব প্রদীপ সরকার, জেলা বর্ধিত ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, বাসদ নেতা সেলিম আলদ্বীন, ছাত্র ফ্রন্ট জেলার আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগে আবু নাঈম খান বিপ্লব বলেন, “একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের দীর্ঘদিনের লড়াইয়ে আমি একজন সহযোদ্ধা। নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ। কালো টাকা, পেশিশক্তি, প্রশাসন ও পুলিশ, সাম্প্রদায়িকতার ব্যবহার মুক্ত নির্বাচন গণতান্ত্রিক সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমাজের সব স্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠা জনগণের দাবি।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ শহর একটি ধনী জেলা হলেও শিক্ষার এবং চিকিৎসার অধিকার থেকে মানুষ বঞ্চিত। এখানে বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় বা ভালো চিকিৎসার ব্যবস্থা নেই। শিক্ষা ও চিকিৎসা টাকার কাছে বিক্রি হয়েছে, মানুষের অধিকারকে পণ্যে পরিণত করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে আমরা হারি বা জিতি, জনগণের দাবিতে লড়াই চালিয়ে যাবো। তাই জনগণকে মই মার্কায় ভোট দেয়ার আহ্বান জানাই।”





































