জিপিএ-৫ এ তোলারামকে টপকে মহিলা কলেজ, পাসের হারে শীর্ষে গিয়াসউদ্দিন কলেজ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে নারায়ণগঞ্জের কলেজগুলোর মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ।
অন্যদিকে, জিপিএ-৫ অর্জনে জেলার কলেজগুলোর মধ্যে প্রথম হয়েছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। জিপিএ-৫ প্রাপ্তির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সরকারি তোলারাম কলেজকে পেছনে ফেলেছে প্রতিষ্ঠানটি।
শনিবার (৩১ অক্টোবর) জেলা শিক্ষা কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জেলা শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ থেকে এবার ৪৫৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৫২ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯ দশমিক ৫৬ শতাংশ।
পাসের হারে দ্বিতীয় স্থানে রয়েছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ।
৮৮ দশমিক ১২ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ।
অন্যদিকে, জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সবার ওপরে রয়েছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। প্রতিষ্ঠানটির ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৫২ জন জিপিএ-৫ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সরকারি তোলারাম কলেজ।
তৃতীয় সর্বোচ্চ সাতটি জিপিএ-৫ পেয়েছে বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
জেলায় ভালো ফল করা অন্যান্য কলেজের মধ্যে গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৭৪ দশমিক ১৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে দুজন।
রোকনুদ্দিন মোল্লা গার্লস কলেজের পাসের হার ৬৭ দশমিক ৪৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে দুজন।
সানারপাড় রওশন আরা কলেজের পাসের হার ৬৫ দশমিক ২১ শতাংশ এবং সরকারি তোলারাম কলেজের ৬৩ দশমিক ৪৩ শতাংশ।এ ছাড়া হাজী মোহাম্মদ এখলাছুদ্দিন ভূঁইয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাসের হার ৬২ দশমিক ৫ শতাংশ, আলহাজ্ব লায়ন মো. হাবিবুর রহমান হরেজ সিটি কলেজের ৬১ দশমিক ৬০ শতাংশ, আব্দুল হক ভূঁইয়া ইন্টারন্যাশনাল কলেজের ৫৯ দশমিক ২৬ শতাংশ, সোনারগাঁ স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের ৫৪ দশমিক ৬১ শতাংশ, সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেনস কলেজের ৪৮ দশমিক ৩৬ শতাংশ এবং সলিমুদ্দিন চৌধুরী কলেজের ৪৭ দশমিক ৬ শতাংশ।
তবে জেলার কয়েকটি সরকারি ও বড় কলেজে পাসের হার তুলনামূলক কম। নারায়ণগঞ্জ কলেজে ৯৭৩ জন পরীক্ষার্থী পাস করলেও পাসের হার ৪৩ দশমিক ৩২ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন। সরকারি মুরাপাড়া কলেজের পাসের হার ৩২ দশমিক ৪০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে একজন। সরকারি সফর আলী কলেজের পাসের হার ৩১ দশমিক ৫৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে তিনজন। সরকারি কদম রসূল কলেজের পাসের হার ২৯ দশমিক ৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে তিনজন। সরকারি আদমজীনগর এম. ডব্লিউ. কলেজের পাসের হার ২৯ দশমিক ৪৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ছয়জন। সোনারগাঁ সরকারি কলেজের পাসের হার ২২ দশমিক ৯৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে একজন।
তালিকায় থাকা গিয়াসউদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ এবং নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি।





































