নিয়োগের প্রায় তিন মাস পর কার্যালয়ে বসলেন পিপি সুমন
নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পাওয়ার দুই মাস ২৭ দিন পর নিজ কার্যালয়ে বসেছেন অ্যাডভোকেট সুমন মিয়া। নিয়োগের পর তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে বিরোধিতা করেছিলেন আইনজীবীদের একাংশ।
রোববার (২২ নভেম্বর) আদালত প্রাঙ্গণে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে প্রবেশ করেন তিনি। এর আগে কার্যালয়ের দরজার সামনে চেয়ার-টেবিল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। দরজায় তালাও ঝুলিয়ে রাখা হয়েছিল।
চলতি বছরের ২৫ আগস্ট আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) এক আদেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে নিয়োগ পান অ্যাডভোকেট সুমন মিয়া। নিয়োগের আদেশ প্রকাশের পর আদালতপাড়ায় তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। একপর্যায়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে তাঁর নিয়োগের বিরোধিতা করে মিছিলও করেন আইনজীবীদের একাংশ।
দীর্ঘদিনের বিরোধিতার পর নিজ কার্যালয়ে বসতে পারার অনুভূতি জানতে চাইলে অ্যাডভোকেট সুমন মিয়া বলেন, “এখন আনন্দিত হওয়ার বা অন্য কোনো অনুভূতি প্রকাশের কিছু নেই। বিষয়টি হলো, নিজের স্থানে নিজে বসেছি। বেলা শেষে আমরা সবাই আইনজীবী। ভালো-মন্দের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে থাকতে হবে।”
কার্যালয়ে ফেরার পর কেউ বিরোধিতা করছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, “বর্তমানে কেউ বিরোধিতা করছেন না। সার্বিক বিষয় বিবেচনা করে সবাই একমত হয়েছেন। ভালো কাজ করতে গেলে নানা ধরনের বাধা-বিপত্তি আসে। তবে সেগুলো স্থায়ী হয় না। শেষ পর্যন্ত সবাই বিষয়টি বুঝতে পেরেছেন।”
সহকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বেলা শেষে আমরা সবাই আইনজীবী। একে অপরের কাজকে সম্মান করে সবাই একসঙ্গে চলতে চাই। আমরা সবাই একই পেশায় আছি, তাই একসঙ্গেই থাকতে চাই।”





































