২৪ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪২, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৪৩, ২৪ নভেম্বর ২০২৬

বকেয়া পাওনার দাবিতে বিকেএমইএ ভবনের সামনে সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকদের অবস্থান

বকেয়া পাওনার দাবিতে বিকেএমইএ ভবনের সামনে সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকদের অবস্থান

বকেয়া পাওনা পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন নারায়ণগঞ্জ অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

বিকেল ৩টার দিকে শ্রমিকদের উদ্দেশে মাহবুবুর রহমান ইসমাইল বলেন, “সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা পরিশোধ না করে এ পর্যন্ত আট-দশ বার ঘোরানো হয়েছে। পাঁচ-ছয় মাস কেটে গেলেও পাওনা মেলেনি। এটি বিকেএমইএর জন্য একটি কলঙ্কের ঘটনা। শ্রমিকরা গাড়ি-বাড়ি বা বিকেএমইএ অফিস দখল করতে আসেনি; মাথার ঘাম পায়ে ফেলা নিজেদের ন্যায্য পাওনা চায়।”

বিকেএমইএ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “শ্রমিকরা কোনো ভুল করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, অথচ পাওনা না দেওয়া মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সমস্যা সমাধান করতে না পারলে সভাপতি পদে বসে থাকার যৌক্তিকতা নেই। আজ রাত ৮টার মধ্যে পাওনা পরিশোধ বা যুক্তিসংগত সমাধান না হলে আগামীকাল সকাল ১০টা থেকে বিকেএমইএ ভবনের সামনে লঙ্গরখানা চালু করা হবে।”

পরে মাহবুবুর রহমান ইসমাইল বিকেএমইএ ভবনের তৃতীয় তলায় গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে মুঠোফোনে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের সঙ্গে কথা বলেন তিনি।

ফোনালাপে মাহবুবুর রহমান ইসমাইল বলেন, “শ্রমিকরা আজ রাত ৮টার মধ্যে সমাধান চাইছে। আপনি আজ রাতের মধ্যেই বিষয়টি সুরাহা করে নারায়ণগঞ্জকে শান্ত রাখুন। শ্রমিকরা যেন রাস্তায় নেমে বিশৃঙ্খলা বা ঢিল-পাটকেল না ছোড়ে, সে বিষয়ে আমি তাদের বুঝিয়ে রেখেছি।”

জবাবে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “ফ্যাক্টরিটি বিক্রি হয়ে গেছে এবং মালিক নিঃস্ব হয়ে পড়েছেন। তবুও শ্রমিকদের পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল থেকে অর্থ সহায়তার পাশাপাশি প্রতি মাসে শ্রমিকদের হিসাবে পাঁচ হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে, কিছুটা সময় লাগবে।”

ফোনালাপে মাহবুবুর রহমান ইসমাইল জানান, তিনি মজুরি বোর্ডের সভায় যাচ্ছেন এবং সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে ফিরে আসবেন।

এদিকে সন্ধ্যা ৭টার দিকে শ্রমিকরা দিনের মতো অবস্থান কর্মসূচি স্থগিত করে বিকেএমইএ ভবন এলাকা ত্যাগ করেন। দাবি পূরণ না হলে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় আবারও বিকেএমইএ ভবনের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দেন তারা।

সর্বশেষ

জনপ্রিয়