১৯ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৬, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান সাখাওয়াতের

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান সাখাওয়াতের

নারায়ণগঞ্জকে ডেঙ্গুমুক্ত রাখতে সিটি করপোরেশনের পাশাপাশি প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ প্রতিষ্ঠালগ্ন থেকেই নারায়ণগঞ্জের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এবং জনগণের অধিকার আদায়ে সোচ্চার রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে তাদের মশারি বিতরণ কর্মসূচি সরকারের জাতীয় পরিচ্ছন্নতা ও মশা নিধন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে, যার অংশ হিসেবে সিটি করপোরেশনও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, মশার ওষুধ ছিটানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ ৩ ও ২২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় ক্রাশ অভিযান পরিচালনা করা হচ্ছে। সিটি করপোরেশন এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অন্যান্য বছরের তুলনায় আক্রান্তের সংখ্যাও কম। তবে এতে স্বস্তি পাওয়ার সুযোগ নেই। ডেঙ্গু থেকে পুরোপুরি রক্ষা পেতে প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে, নিজ বসতবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে।

নারায়ণগঞ্জের উন্নয়ন ও নাগরিক সুবিধার বিষয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, জাতীয় আয়ের ৩১ শতাংশ যোগান দেওয়া সত্ত্বেও নারায়ণগঞ্জ উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঢাকার কাছাকাছি অবস্থিত এই শহরের বুক চিরে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদী পারাপারে এখনো মানুষকে ট্রলার বা নৌকার ওপর নির্ভর করতে হয়, যা অত্যন্ত দুঃখজনক। নদী পারাপারের এই চিত্র আর দেখতে চাই না। নারায়ণগঞ্জকে একটি উন্নত, আধুনিক ও নাগরিক সেবাসমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির হোসেন মন্টু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, রমজানুর রশিদ, আনোয়ার হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য পপি রানী সরকার, আব্দুল কুদ্দুস আজাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
 

সর্বশেষ

জনপ্রিয়