ডেঙ্গু প্রতিরোধে মশারি ও চিকিৎসাসামগ্রী দিলেন যুবদলের সাবেক নেতাকর্মীরা
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) ডেঙ্গু ওয়ার্ডের রোগীদের জন্য মশারি ও ইনসুলিন সিরিঞ্জ উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে এসব চিকিৎসাসামগ্রী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুল হোসেন বিপুলের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় খোরশেদ ও সাবেক যুবদলের নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আরএমও ডা. নাজমুল হোসেন বিপুল বলেন, ”ডেঙ্গু রোগীদের জন্য মশারি ও ১ হাজার ইনসুলিন সিরিঞ্জ দেওয়া হয়েছে। এর জন্য খোরশেদ ও মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীদেরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
শুধু এবারই নয়, যখনই এই হাসপাতালের কোনো প্রয়োজন হয়, খোরশেদকে ফোন করলে তিনি যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করেন। তিনি সবসময় আমাদের পাশে ছিলেন, আছেন এবং আশা করি ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন, যোগ করেন হাসপাতালটির এই চিকিৎসা কর্মকর্তা।
বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানকে সম্মান জানিয়ে সাবেক কাউন্সিলর ও যুবদল নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ”ডেঙ্গু নিধনসহ সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং মানুষের পাশে দাঁড়ানো কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরা ভিক্টোরিয়া হাসপাতালের ডেঙ্গু আক্রান্ত রোগীসহ অন্যান্য রোগীদের জন্য মশারি ও ইনসুলিন সিরিঞ্জ দেওয়ার ব্যবস্থা করেছি।”
তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করে মহানগর যুবদলের সাবেক এ সভাপতি বলেন, “মানুষের চিকিৎসাসেবা থেকে শুরু করে সব ধরনের নাগরিক অধিকার নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই। বিএনপির নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে ছিল, এখনও আছে। ইনশাআল্লাহ, তারেক রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জবাসী তথা দেশবাসীর পাশে ভবিষ্যতেও থাকব।”
চিকিৎসাসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা আনোয়ার মাহমুদ বকুল, দিপু চৌধুরী, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, জুয়েল রানা, সুমন ভূইয়া, রানা মুন্সী, মো. মিঠু, মো. মুসা, রাসেল আহম্মদ মনির, কুতুবউদ্দিন, মোহাম্মাদ আলম হোসেন, জামাল হোসেন, ফারুক, কবির জিহাদি, খোকন গাজী, সোহেল, আফজাল হোসেন, শামীম হোসেন বাবুসহ সাবেক যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।





































