বিআইডব্লিউটিএ ইকোপার্কে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছিনতাইয়ের অভিযোগ, আটক ১
নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএ ইকোপার্কে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে সুইচ গিয়ার দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওলাদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ থেকে ৬টা ১৫ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার চার মিনিট পর ৬টা ১৯ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হয় বলে জানা গেছে।
ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলেন, ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী ও সৈয়দপাড়া, তাতখানা চৌধুরীবাড়ি এলাকার বাসিন্দা রিমা আক্তার বৃষ্টি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও চর কাশিপুর এলাকার বাসিন্দাতাসনিমুল আলিম সাফি।
ভুক্তভোগীদের অভিযোগ, ইকোপার্কে ৪-৫ জন তাদের ওপর সুইচ গিয়ার নিয়ে হামলা করে। পরে পেছনে থাকা অন্যদেরও তারা আক্রমণ করে। এ সময় রিমা আক্তার বৃষ্টির কাছ থেকে ৯ আনা ওজনের একটি চেইন এবং ৫ আনা ওজনের একটি লকেট নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। সব মিলিয়ে গহনার ওজন ১৪ আনা।
ঘটনার পর আওলাদ হোসেন (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে।
সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ কাজল মিয়া বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে। দুই শিক্ষার্থী সেখানে আসার সময় তাদের অস্ত্র দেখিয়ে ছিন্তাই করা হয়। পরে জাতীয় ৯৯৯ নাম্বারে ফোনের মাধ্যমে খবর পেয়ে আমরা তৎক্ষনিকভাবে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি গলার চেইন পকেট থেকে উদ্ধার করা হয়েছে।’
এসআই কাজল মিয়া বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যা অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে বলেও যোগ করেন তিনি।





































