যে বন্ধু ধূমপানে উৎসাহ দেয়, সে আমাদের বন্ধু নয়: বন্দর ইউএনও
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেছেন, প্রতিটি মাদকের শুরু ধূমপানের মাধ্যমে। কৌতূহল থেকেই অনেকেই মাদকের দিকে ঝুঁকে পড়ে। তবে যে কৌতূহল নিজের জন্য ক্ষতিকর, তা থেকে দূরে থাকতে হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বন্দর উপজেলার বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বন্দর উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ সভার আয়োজন করে।
শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও শিবানী সরকার বলেন, “যে বন্ধু আমাদের ধূমপানে উৎসাহ দেয়, সে রকম বন্ধু আমাদের বন্ধু নয়।” ছাত্রজীবনে কেউ নেশাগ্রস্ত না হলে ভবিষ্যতেও নেশা থেকে দূরে থাকা সহজ হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, পৃথিবীর সব কৌতূহল পূরণ করার প্রয়োজন নেই। যে কৌতূহল মানুষের জন্য ক্ষতিকর, তা পরিহার করতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গড়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি মাজহারুল আলম খান পাভেল। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক মোহাম্মদ মামুন মিয়া, বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর কাইয়ূম খান, এডহক কমিটির অভিভাবক সদস্য মেহেদী হাসান সজীব, কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, বন্দর গার্লস স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর ইসলাম জাহিদ।
সভাপতির বক্তব্যে মাজহারুল আলম খান পাভেল বলেন, বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থী পরবর্তীতে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, শিল্পপতি, প্রকৌশলী, চিকিৎসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মরত হয়েছেন। মাদকাসক্ত অবস্থায় ভালো ফলাফল করা সম্ভব নয়।
তিনি বলেন, অনেক শিক্ষার্থী সিগারেট খাওয়াকে ‘স্মার্ট’ মনে করে। আসলে তারা স্মার্ট নয়; বরং পরিবার ও দেশের জন্য ক্ষতিকর হয়ে উঠছে। তাই সবাইকে মাদককে ‘না’ বলার পাশাপাশি সিগারেটও হাতে না নেওয়ার আহ্বান জানান তিনি।





































