০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:০৬, ৩ সেপ্টেম্বর ২০২৬

গণ-অধিকার পরিষদ নেতা ও দুই ভাইয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ

গণ-অধিকার পরিষদ নেতা ও দুই ভাইয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ মহানগর গণ-অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম ভূইয়া ও তাঁর দুই ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে তিন ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শফিকুল ইসলাম (৪৪), নবির হোসেন (৪৭) ও রাজা মিয়া (৫৬) সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে আরিফুল ইসলামের দুই ভাই মো. আল-আমিন ভূইয়া ও মো. সজীব ভূইয়া ছাড়াও সেন্টু ভূইয়া, জামান মিয়াসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় সফিউদ্দিন মিয়া ও সুমন আহম্মেদের ৬০ শতাংশ জমি কয়েকজন ব্যক্তি রেজিস্ট্রি বায়নামূলে ক্রয় করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে জোরপূর্বক সাইনবোর্ড স্থাপনের চেষ্টা করলে ভুক্তভোগীরা বাধা দেন। এ সময় তাদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে আহতদের আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

নাসিক ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী বলেন, তারা কয়েকজন মিলে এক কোটি ৩০ লাখ টাকায় বায়না রেজিস্ট্রির মাধ্যমে জমিটি কিনে ভোগদখলে রয়েছেন। হঠাৎ আরিফুল ইসলাম ও তাঁর দুই ভাইসহ কয়েকজন সেখানে সাইনবোর্ড স্থাপনের চেষ্টা করলে বাধা দেওয়ায় তিনজনের ওপর হামলা করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক জাকিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়