বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্স পেল ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন
বাণিজ্য সংগঠন হিসেবে সরকারি লাইসেন্স পেয়েছে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ৩ ধারা অনুযায়ী সংগঠনটির অনুকূলে এ লাইসেন্স মঞ্জুর করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে সংগঠনটির সভাপতি মোহাম্মদ সোহাগ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিনের হাতে লাইসেন্স তুলে দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার এক চিঠিতে জানানো হয়, ‘ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর নামে ১১/২০২৬ নম্বর বাণিজ্য সংগঠন (টি.ও) লাইসেন্স মঞ্জুর করা হয়েছে। লাইসেন্সে উল্লেখিত সব শর্ত যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
লাইসেন্সের শর্ত অনুযায়ী, প্রদানের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে সংগঠনটিকে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর এক থেকে তিন মাসের মধ্যে সংগঠনের প্রথম সাধারণ সভা এবং ছয় মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করতে হবে।
এ ছাড়া সংগঠনটির জন্য স্থায়ী অফিস প্রতিষ্ঠা, সরকারের নির্দেশনা এবং বাণিজ্য সংগঠন আইন ও বিধিমালা মেনে চলাসহ নির্ধারিত অন্যান্য শর্ত পালন করতে হবে।
সভাপতি মোহাম্মদ সোহাগ জানান, সরকারি লাইসেন্স পাওয়ার মাধ্যমে দেশের ফ্লাওয়ার মিল মালিকদের একটি আইনানুগ প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ তৈরি হয়েছে। সংগঠনটি ফ্লাওয়ার মিল মালিকদের স্বার্থ সংরক্ষণ, শিল্পের বিকাশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।





































