০৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৮, ২ সেপ্টেম্বর ২০২৬

বক্তাবলীতে ইটভাটা মালিকদের নিয়ে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

বক্তাবলীতে ইটভাটা মালিকদের নিয়ে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ইটভাটা মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়। সভায় ইটভাটা পরিচালনায় আইন ও পরিবেশগত বিধিবিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ। বক্তব্য দেন সহকারী পরিচালক মো. মোবারক হোসেন।

ইটভাটা মালিকদের মধ্যে বক্তব্য দেন মো. ইব্রাহিম খলিল, হাবিবুর রহমান, মো. নাসির উদ্দিন, মো. আব্দুল লতিফ ও মো. নজরুল ইসলাম বাবুলসহ অনেকে।

সভায় ইটভাটা মালিকদের ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯’ অনুযায়ী ইটভাটা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকায় অবস্থিত ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখা, ইটভাটায় কাঠ বা কাঠজাতীয় পদার্থ জ্বালানি হিসেবে ব্যবহার না করা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসনের ইট পোড়ানোর লাইসেন্স ও মাটি সংগ্রহের অনুমোদন নিয়ে ইটভাটা পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার অন্তত এক মাস আগে নবায়নের আবেদন করার জন্যও ইটভাটা মালিকদের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ইটভাটায় মাটির ব্যবহারসহ অন্যান্য কার্যক্রম আইন অনুযায়ী পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।

সভায় অবৈধভাবে কোনো ইটভাটা পরিচালনা না করার জন্য মালিকদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়