০৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৯, ২ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক

বন্দরে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর সময় এক নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আটক নারীর নাম মোসা. আসমা বেগম। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনার চর এলাকার বাসিন্দা মো. মনিরের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আসমা বেগম হাসপাতালের ভেতরে চিকিৎসাধীন এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে আসমা বেগম পুলিশ হেফাজতে রয়েছেন।

বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাজিউর রহমান বলেন, হাসপাতালে আগে থেকেই বিভিন্ন ধরনের সমস্যা ছিল। তবে আনসার সদস্য মোতায়েনের পর নিরাপত্তাব্যবস্থা অনেকটাই জোরদার হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা থানায় এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়