০৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৬, ২ সেপ্টেম্বর ২০২৬

এমবিবিএস পাস করে মীম জানালেন ‘সেবাই তার লক্ষ্য’

এমবিবিএস পাস করে মীম জানালেন ‘সেবাই তার লক্ষ্য’

অদম্য ইচ্ছাশক্তি, মেধা ও পরিশ্রমের মাধ্যমে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সন্তান ফাতেমা করিম মীম। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে সফলতার সঙ্গে এমবিবিএস পাস করেছেন তিনি। তার এ অর্জনে আনন্দিত পরিবার ও স্বজনরা।

মীম উপজেলার পিরোজপুর ইউনিয়নের রেজাউল করিম রাজা ও মুক্তি আক্তার দম্পতির তিন সন্তানের মধ্যে দ্বিতীয়। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী ও বইপ্রেমী ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা।

মোগরাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পরে এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করেন। এরপর ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসাবিজ্ঞানের পড়াশোনা শেষ করেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে এমবিবিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের পর মীমের চিকিৎসক হওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।

মেয়ের সাফল্যে আবেগাপ্লুত বাবা রেজাউল করিম রাজা বলেন, ছোটবেলা থেকেই মীম পড়াশোনার প্রতি খুবই মনোযোগী ও পরিশ্রমী ছিল। তার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ হওয়ায় একজন বাবা হিসেবে তিনি অত্যন্ত আনন্দিত।

মীমের মা মুক্তি আক্তার বলেন, ছোটবেলা থেকেই বই ছিল মীমের সবচেয়ে কাছের সঙ্গী। পড়াশোনার প্রতি তার একাগ্রতা ও পরিশ্রমই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। মীম যেন একজন সৎ ও মানবিক চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চান তিনি।

সদ্য এমবিবিএস পাস করা ফাতেমা করিম মীম বলেন, মহান আল্লাহর রহমত, বাবা-মায়ের নিরলস সমর্থন এবং শিক্ষকদের দিকনির্দেশনা ছাড়া এই পথ পাড়ি দেওয়া সম্ভব হতো না। ডাক্তারি শুধু একটি ডিগ্রি নয়, মানুষের সেবা করারও বড় দায়িত্ব।

তিনি বলেন, জীবনের বাকি সময় সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নিষ্ঠার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়াই তার মূল লক্ষ্য।

সর্বশেষ

জনপ্রিয়