ফতুল্লায় ঝোপ থেকে বিদেশি এয়ার রাইফেল উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝোপের ভেতর থেকে একটি বিদেশি এয়ার রাইফেল উদ্ধার করেছে র্যাব-১১।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার দক্ষিণ সন্তাপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব-১১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সন্তাপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। শিবু মার্কেট বাসস্ট্যান্ড থেকে প্রায় ১৫০ মিটার দক্ষিণে প্যাসিফিক সোয়েটার ফ্যাক্টরির দক্ষিণ পাশে বালুর মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি এয়ার রাইফেলটি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা এয়ার রাইফেলটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।





































