সিটিজেন্স ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়
মাসুদুজ্জামানকে বিকেএমইএ- নারায়ণগঞ্জ চেম্বারের অভিনন্দন
সিটিজেন্স ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় ব্যাংকটির স্পন্সর পরিচালক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামানকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
মাসুদুজ্জামান বিকেএমইএর সাবেক সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদ্য সাবেক সভাপতি। তার এ সফলতায় বিকেএমইএ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে এনসিসিআইয়ের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় বলা হয়, মাসুদুজ্জামানের সুদক্ষ নেতৃত্বে সিটিজেন্স ব্যাংক পিএলসি সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে এটাই প্রত্যাশা।
মাসুদুজ্জামান তৈরি পোশাক খাতে ২৮ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী নেতা। তিনি মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রাইন ড্রেস লিমিটেড ও সাদিয়া ফ্যাশন ওয়্যারস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক।
এছাড়া এমব্রো আর্চ, ওশান কালার, স্টেপ টু রেইনবো, আটলান্টিক অ্যাকসেসরিজ, সাদিয়া প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ এবং কেয়ামা কালারের সঙ্গে যুক্ত থেকে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের বিকাশেও ভূমিকা রেখেছেন তিনি।
দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে টানা ছয় মেয়াদে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে সম্মানিত করেছে।
ব্যবসার পাশাপাশি সামাজিক কল্যাণ, মানবিক কর্মকাণ্ড, ক্রীড়া ও কমিউনিটি উন্নয়নেও সক্রিয় মাসুদুজ্জামান। করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে অবদান রেখে আসছেন তিনি।





































