খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়াই ছিল শহীদ জিয়ার লক্ষ্য: খোরশেদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা।
বুধবার (২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ পুকুরে মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় পুকুরে মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি পুকুরপাড়ে বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচিতে খোরশেদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের খাদ্য সংকট মোকাবিলায় কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে গুরুত্ব দিয়েছিলেন। খাল খনন ও পুকুর সংস্কারের মাধ্যমে কৃষি ও মাছ চাষে উদ্যোগ নেওয়া হয়েছিল।
তিনি বলেন, মৎস্য চাষ ও প্রাকৃতিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের ঘোষিত কর্মসূচি সফল করতেই এ আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে সাবেক মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, নুরুল হক চৌধুরী দিপু, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, জুয়েল রানা, আব্দুল কাইয়ূম আলামিন প্রমুখ।





































