শব্দদূষণ বন্ধে অভিযানে ৩ যানবাহনকে জরিমানা
নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে মোট ৩ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় তিনটি হর্ন জব্দ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী সদর উপজেলায় শব্দদূষণকারী তিনটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যানবাহন তিনটিকে মোট ৩ হাজার টাকা জরিমানা এবং তিনটি হর্ন জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে শব্দ ও পরিবেশদূষণকারী যানবাহন, কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





































