প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে এমপি আল আমিনকে স্মারকলিপি
বিদ্যুৎ গ্রাহকদের আপত্তি সত্ত্বেও প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।
শনিবার (১ আগস্ট) দুপুরে শহরের বিবি রোডস্থ নিউ সমবায় ভবনে অবস্থিত এনসিপি জেলা কার্যালয়ে এমপির হাতে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, জাহাঙ্গীর আলম জাগু, শ্রমিক নেতা মাহমুদুর রহমান, গভীর নলকূপ ব্যবহারকারী মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান ডিউক, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সোহাগসহ বিভিন্ন পঞ্চায়েত, মসজিদ কমিটি ও সমাজ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে নেতারা অভিযোগ করেন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) কোনো ধরনের গণশুনানি বা গ্রাহকদের মতামত না নিয়েই জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করছে। তাদের দাবি, প্রিপেইড মিটারে রিচার্জের সময় ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ও ভ্যাটের নামে অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হচ্ছে, যা সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে।
তারা আরও বলেন, রিচার্জ প্রক্রিয়া জটিল, অনলাইন সার্ভার প্রায়ই অচল থাকে, ফলে টাকা পরিশোধ করেও অনেক গ্রাহক সময়মতো ব্যালেন্স পান না। এছাড়া ব্যালেন্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রোগী, নবজাতক ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
বক্তারা দাবি করেন, বিদ্যুৎ জনগণের মৌলিক সেবা। তাই জনমত উপেক্ষা করে প্রিপেইড মিটার ব্যবস্থা চাপিয়ে দেওয়া উচিত নয়। তারা এই ব্যবস্থা পুনর্বিবেচনা এবং গ্রাহকবান্ধব সমাধানের দাবি জানান।
স্মারকলিপি গ্রহণ করে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “আপনাদের দাবিগুলো জেনেছি। বিষয়টি জাতীয় সংসদ, জ্বালানি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরব এবং সমাধানের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।”





































