দেওভোগ মাদরাসা পরিদর্শনে বেফাক নেতারা, সুষ্ঠু তদন্তের আহ্বান
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দেওভোগ মাদরাসার সাম্প্রতিক ঘটনা পর্যালোচনা এবং সার্বিক পরিস্থিতি জানতে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) নারায়ণগঞ্জ জেলা শাখার নেতারা।
সোমবার (৬ জুলাই) বেফাক জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদিরের নেতৃত্বে প্রতিনিধি দলে ফতুল্লা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা মামূনুর রশীদ, সোনারগাঁ শাখার সভাপতি মাওলানা উবায়দুল কাদের নদভী প্রমুখ উপস্থিত ছিলেন। তারা মাদরাসার পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ শাহজাহান আলম, সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ খোকনসহ অন্যান্য সদস্যরা।
মাওলানা আব্দুল কাদির বলেন, চলমান পরিস্থিতি বিচক্ষণতার সঙ্গে নিয়ন্ত্রণে রাখায় মাদরাসা কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং প্রতিষ্ঠানকে সব ধরনের রাজনীতিমুক্ত রাখার অনুরোধ করেন।
মতবিনিময়কালে মাদরাসা পরিচালনা কমিটির নেতারা বলেন, সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সম্পূর্ণভাবে মাদরাসার অভ্যন্তরীণ বিষয়। তাদের দাবি, মাদরাসায় কোনো রাজনৈতিক কার্যক্রম নেই এবং কোনো রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠানটিতে হামলা চালায়নি। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে- এমন প্রচারণা ভিত্তিহীন ও অমূলক বলেও তারা উল্লেখ করেন।
তারা আরও জানান, বর্তমানে মাদরাসার পরিবেশ শান্ত রয়েছে এবং শিক্ষাকার্যক্রম স্বাভাবিকভাবে চলমান আছে।





































