৩০ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:০২, ৩০ জুন ২০২৬

জেলা প্রশাসকের নির্দেশে ফতুল্লার ভাঙা সড়ক মেরামত শুরু

জেলা প্রশাসকের নির্দেশে ফতুল্লার ভাঙা সড়ক মেরামত শুরু

নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক জেলা প্রশাসকের নির্দেশে মেরামতের কাজ শুরু হয়েছে। এতে কয়েক মাস ধরে ভোগান্তিতে থাকা হাজারো পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা ইউনিয়নের চাষাড়া-টু-সাইনবোর্ড লিংক রোড থেকে বৃহত্তর ইসদাইর প্রবেশ সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। স্থানীয়দের অভিযোগ, গত পাঁচ থেকে ছয় মাস ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রায়ই রিকশা উল্টে যাওয়া, যানবাহনের ক্ষতি এবং ড্রেনের স্লাবে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটছিল।

এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। পাশাপাশি তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও এই পথ ব্যবহার করতে হয়। ফলে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছিল। দীর্ঘদিনেও সড়কটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, সোমবার কার্যালয়ে যাওয়ার পথে সড়কটির বেহাল অবস্থা জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নজরে আসে। পরে তিনি জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে জরুরি ভিত্তিতে সড়কটি মেরামতের নির্দেশ দেন। নির্দেশের পর মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে সংস্কারকাজ শুরু হয়।

সংশ্লিষ্টরা জানান, সড়কটি টেকসইভাবে নির্মাণের লক্ষ্যে রড, সিমেন্ট, ইটের সুরকি ও বালু দিয়ে ঢালাইয়ের কাজ করা হচ্ছে, যাতে দ্রুত চলাচলের উপযোগী করা যায়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, "জনগণের দুর্ভোগ লাঘব করাই প্রশাসনের প্রথম ও প্রধান কাজ। একটি রাস্তার কারণে প্রতিদিন শিক্ষার্থী, রিকশাচালক ও সাধারণ মানুষ কষ্ট পেলে সেটির দ্রুত সমাধান করা জরুরি। জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই আমরা কাজ করছি। এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী যাতায়াত করে। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।"

জেলা প্রশাসকের নির্দেশে দ্রুত সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা এ উদ্যোগের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।

সর্বশেষ

জনপ্রিয়