০৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৩৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬

মাথাল প্রতীক মানেই মানুষের অধিকার ও মর্যাদার লড়াই: তারিকুল

মাথাল প্রতীক মানেই মানুষের অধিকার ও মর্যাদার লড়াই: তারিকুল

নারায়ণগঞ্জ-৫ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন বলেছেন, “যারা ভোটের সময় মানুষের কাছে যায় না, জনগণের দুঃখ-দুর্দশা শোনে না, তারা নির্বাচিত হলেও মানুষের কোনো উপকারে আসবে না।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে তল্লা এলাকায় গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

তারিকুল ইসলাম সুজন বলেন, “নির্বাচন শুধু পোস্টার বা ব্যানারের বিষয় নয়। টাকার খেলাও নয়। মানুষের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে। কিন্তু আমরা দেখছি অনেক প্রার্থী ভোটের সময়ও মানুষের দরজায় যান না। এরা ক্ষমতায় গেলে জনগণকে আরও ভুলে যাবে।”

তিনি আরও বলেন, “আমি ক্ষমতার ভাগ-বাটোয়ারার রাজনীতি করতে আসিনি। আমি এসেছি মানুষের পাশে দাঁড়াতে, শহর-বন্দরকে নিরাপদ, মানবিক ও বাসযোগ্য করে তুলতে। মাথাল প্রতীক সাধারণ মানুষের প্রতীক- এ প্রতীক মানেই মানুষের অধিকার ও মর্যাদার লড়াই।”

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা নাগরিক সেবা, ড্রেনেজ ব্যবস্থা, রাস্তার বেহাল অবস্থা, নিরাপত্তা ও কর্মসংস্থানের সমস্যা তুলে ধরেন। নির্বাচিত হলে এসব সমস্যা সংসদে উপস্থাপন করার অঙ্গীকারও দেন তিনি।

তারিকুল ইসলাম বলেন, “আপনারা যদি এমন একজন প্রতিনিধিকে চান, যিনি সবসময় আপনাদের পাশে থাকবেন, তাহলে মাথাল প্রতীকে ভোট দিন।”

গণসংযোগে গণসংহতি আন্দোলনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়