নির্বাচনকে ঘিরে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী জেলা প্রশাসক রায়হান কবির স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়া ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা থাকবে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
নিষেধাজ্ঞার বাইরে থাকবে— নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন; ঔষধ, স্বাস্থ্য ও চিকিৎসা এবং অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র পরিবহনকারী যানবাহন; আত্মীয়স্বজনকে বিমানবন্দরে আনা-নেওয়া বা টিকিট প্রদর্শন সাপেক্ষে যাত্রী পরিবহনকারী যানবাহন; দূরপাল্লার যাত্রী পরিবহন বা স্থানীয় পর্যায়ে যাত্রী যাতায়াতের যানবাহন; প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং তাদের নির্বাচনী এজেন্টের জন্য একটি করে গাড়ি (রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শনের শর্তে); সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি প্রয়োজনে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেল (নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে); নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল এবং বিটিআরসি ও অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের যানবাহন।
এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা, আন্তঃজেলা ও মহানগরে প্রবেশ ও বাহিরের গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এবং প্রধান সড়কের সংযোগ সড়কগুলোতে প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিল বা কার্যকর ব্যবস্থা গ্রহণের ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।





































