ব্যতিক্রমী উদ্বোধনে কাজল কাননের ‘একুশে একক অনলাইন বইমেলা’ শুরু
এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে কবি কাজল কাননের ‘একুশে একক অনলাইন বইমেলা’ শুরু হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে কাজলকানন ডটকম (kajalkanan.com)-এর আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেলার উদ্বোধন করেন গার্মেন্টস শ্রমিক সুমা বেগম সুমি। এ সময় সম্মাননা গ্রহণ করেন ফুটপাতের বই বিক্রেতা উৎফল রায়, দেলোয়ার হোসেন ও আব্দুল মজিদ। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি শিল্পী ও জনচিন্তক রফিউর রাব্বি।
উদ্বোধনী অনুষ্ঠানে কাজল কাননের নতুন কাব্যগ্রন্থ ‘রূহের ভিতর বহিছে তার দিদার’র পাঠ উন্মোচন করা হয়। গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী খন্দকার নাছির আহাম্মদ।
অনুষ্ঠানে ‘ফুটপাতের বইওয়ালা’ শীর্ষক আলোচনায় অংশ নেন লেখক ও সাংবাদিক জাহাঙ্গীর সুর। সভাপতির বক্তব্যে রফিউর রাব্বি বলেন, “অনলাইনে বইমেলা আয়োজন এবং একই সঙ্গে অফলাইন উদ্বোধন- এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। আমার জানামতে, আমাদের দেশে কিংবা বিশ্বে এর আগে এমন আয়োজন হয়নি। এটি কাজল কাননের দশম গ্রন্থ।”
তিনি আরও বলেন, “একুশে বইমেলা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল। এবছর নির্বাচনের অজুহাতে সময়মতো বইমেলা না হওয়া দুঃখজনক। নির্বাচনের কারণে যখন অন্য সবকিছু বন্ধ নেই, তখন বইমেলা বন্ধ থাকার কোনো যুক্তিসংগত কারণ নেই। রাজনৈতিক কারণে গ্রন্থমেলার স্বাভাবিক চরিত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।”
আলোচনায় জাহাঙ্গীর সুর বলেন, “ফুটপাতের বই বিক্রেতাদের সঙ্গে আমার গভীর এক সম্পর্ক আছে। ২০১১ সালের পর থেকে আমার ব্যক্তিত্ব গঠনে তাদের ভূমিকা আমার শ্রেণিশিক্ষকের সমতুল্য। জীবনে আমার একটি ইচ্ছা- আমি পিএইচডি করবো, আর দ্বিতীয় ডিগ্রিটা করবো ফুটপাতের বইওয়ালাদের নিয়ে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রুতি’র সভাপতি ধীমান সাহা জুয়েল। আরও আলোচনা করেন কবি ও শিল্পী আহমেদ বাবলু।
অনুষ্ঠানে কাজল কাননের কবিতা থেকে আবৃত্তি করেন সৌরি ছোঁয়া। সংগীত পরিবেশন করেন শিল্পী অমল আকাশ ও কিশোর ব্যান্ড দল ‘গঙ্গাফড়িং’। সংগীত পরিবেশনের ফাঁকে কাজল কানন ও মেলার আয়োজন সম্পর্কে কথা বলেন অমল আকাশ। গান দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রশিল্পী সুমনা আক্তার।
আয়োজকরা জানান, এই বইমেলার গ্রন্থগুলোর পিডিএফ সংস্করণ kajalkanan.com ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।





































