০৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:১২, ৫ ফেব্রুয়ারি ২০২৬

চাষাড়ায় গণভোটের প্রচারণার ক্যারাভ্যান উদ্বোধন

চাষাড়ায় গণভোটের প্রচারণার ক্যারাভ্যান উদ্বোধন

নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা বাড়াতে একটি ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ প্রচারণা বাহন উদ্বোধন করা হয়েছে। সাধারণ ভোটারদের মধ্যে ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা এবং আগামীর রাষ্ট্র সংস্কার বিষয়ে সচেতনতা সৃষ্টিই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই শহিদ আবুল হাসান স্বজনের পিতা জাকির হোসেন ক্যারাভ্যানটির উদ্বোধন করেন। ক্যারাভ্যানের এলইডি স্ক্রিনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি লিফলেট বিতরণের মাধ্যমে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রচারণা কার্যক্রম চলবে বলে জানান নারায়ণগঞ্জ-৫ আসনে গণভোটের অ্যাম্বাসেডর নিরব রায়হান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ স্বজনের ভাই মো. অনিক, জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলার জ্যেষ্ঠ সংগঠক জাহিদুল হক বাঁধন, যুগ্ম আহ্বায়ক রিফাত হোসাইন অন্তু, হাবিব উল্লাহ হাবীব, যুগ্ম সদস্য সচিব মো. আল হাসান, ফাতেমা আখি সহ যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

এদিন চাষাড়া ও আশপাশের এলাকায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে লিফলেট বিতরণ করা হয়। পথচারীদের অনেকেই ক্যারাভ্যানের এলইডি স্ক্রিনে প্রদর্শিত তথ্যচিত্র আগ্রহ নিয়ে দেখেন এবং আয়োজকদের বক্তব্য শোনেন। ক্যারাভ্যানে জুলাই আন্দোলনের তথ্যচিত্রও প্রদর্শন করা হচ্ছে।

শহীদ স্বজনের ভাই মো. অনিক বলেন, “হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। যেন নতুন করে কেউ স্বৈরাচার হতে না পারে এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ না হয়, সেজন্য সবার ‘হ্যাঁ’ ভোট জরুরি।”

গণভোটের অ্যাম্বাসেডর নিরব রায়হান বলেন, “১৯৭১ সালের মহান স্বাধীনতা ও ’২৪-এর আন্দোলনের চেতনা ধারণ করে একটি সংস্কারমূলক পরিবর্তিত বাংলাদেশের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন। এলইডি স্ক্রিনের মাধ্যমে মানুষকে বোঝানো হচ্ছে কেন ‘হ্যাঁ’ ভোট দেওয়া উচিত।”

তিনি আরও বলেন, দেশজুড়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে এ ধরনের প্রচারণা অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়