ভোট বিপ্লবে জুলুমের জবাব দেবে জনগণ: মনির কাসেমী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা–সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর পক্ষে কাশিপুরে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এই গণসংযোগ একপর্যায়ে গণজোয়ারে রূপ নেয়।
কাশিপুর ইউনিয়নের দেওয়ান বাড়ি এলাকার প্রধান নির্বাচনী কার্যালয় থেকে গণসংযোগ শুরু হয়। এতে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল, সহ-সভাপতি শাহীন কাদের, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন, ফতুল্লা থানা যুবদল নেতা সৈকত হাসান ও ইকবাল, যুবদল নেতা সাব্বির আহমেদ শহীদ, মোল্লা বাপ্পি, মোল্লা রবিনসহ বিএনপি ও জোটভুক্ত অঙ্গসংগঠন এবং ওলামা দলের নেতৃবৃন্দ।
গণসংযোগটি কাশিপুর নন্দপাড়া, এলিফ্যান্ট রোড, কাশিপুর বড় মসজিদ, দক্ষিণ নরসিংপুর, ফরাজিকান্দা, গোয়ালবন্দ খিল মার্কেট ও বাংলাবাজার ঘুরে দেওভোগ মাদ্রাসা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় রাস্তার দুই পাশে শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিভিন্ন মোড়ে মোড়ে এবং বাড়ির ছাদ থেকে ফুলের পাপড়ি ছিটিয়ে প্রার্থীকে শুভেচ্ছা জানানো হয়।
কাশিপুরে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্যে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “গত ১৭ বছর ধরে আমরা জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতনের শিকার। এই জুলুমের জবাব দেবে জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে।”
তিনি বলেন, “লাঠি-সোঁটার বিপ্লব নয়, আমাদের বিপ্লব হবে ভোটের বিপ্লব। আগামী ১২ ফেব্রুয়ারি খেজুর গাছ প্রতীকে সিল দিয়ে আপনার ভোটের অধিকার প্রয়োগ করুন। খেজুর গাছের বিজয় মানেই ধানের শীষের বিজয়।”
তিনি আরও বলেন, “আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, আমি আমার সর্বোচ্চ সাধ্য দিয়ে এলাকার উন্নয়নে কাজ করব, ইনশাআল্লাহ।”
গণসংযোগ চলাকালে প্রতিটি সড়কের মোড়ে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।





































