বাবুরাইল খাল পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করলেন নাসিক প্রশাসক
প্রায় সাত লাখ টাকা ব্যয়ে বাবুরাইল খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে খালের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন নাসিক প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী ইসমাইল চৌধুরী, সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নূর উদ্দিনসহ নাসিকের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট এলাকার ব্যক্তিবর্গ।
২০১৭ সালে ২০০ কোটি টাকা ব্যয়ে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগ বাবুরাইল খালের উন্নয়ন প্রকল্প শুরু করেন তৎকালীন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। প্রকল্পের আওতায় খালের দুই পাশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, সড়ক, ড্রেন, ব্রিজ, ফুটব্রিজ, ভিউইং ডেক, ঘাটলা ও পাবলিক টয়লেট নির্মাণ করা হয়। কাজ শেষে ২০২২ সালে খালটি নগরবাসীর জন্য উন্মুক্ত করে নাসিক।
পরবর্তীতে স্থানীয় পর্যায়ে সীমিত পরিসরে খালটি পরিষ্কার করা হলেও আনুষ্ঠানিকভাবে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়নি। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর খালের পরিচর্যা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে দেড় বছর অবহেলায় পড়ে থাকায় ময়লা-আবর্জনায় খালটি কার্যত ডাস্টবিনে পরিণত হয়, যা পরিবেশ দূষণ ও নগরবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
দীর্ঘদিন ধরে খালটি পরিষ্কারের দাবি জানিয়ে আসছিল স্থানীয়রা। এরই প্রেক্ষিতে নতুন করে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে নাসিক।
এ বিষয়ে নাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন বলেন, “বিভিন্ন কারণে দীর্ঘদিন খালটির রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়নি, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর থেকে। নাগরিকদের দাবির প্রেক্ষিতে পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে কাজ সম্পন্ন হবে।”





































