৩০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:০১, ২৯ নভেম্বর ২০২৬

মেয়ের বৌভাত থেকে ফিরে দেখলেন বসতঘর পুড়ে ছাই

মেয়ের বৌভাত থেকে ফিরে দেখলেন বসতঘর পুড়ে ছাই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেয়ের বৌভাতের দাওয়াত থেকে ফিরে নিজেদের বসতঘর পুড়ে ছাই হয়ে যেতে দেখলেন হরিজন সম্প্রদায়ের একটি পরিবারের সদস্যরা। ঘরে আগুন দেওয়ার আগে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র লুটের অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তবে প্রাথমিকভাবে রান্নাঘরে সিগারেট ধরাতে গিয়ে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ফুটওভার ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। মহাসড়কের পাশে টিনের তৈরি ঘরে পরিচ্ছন্নতাকর্মী বাদলের ছেলে নয়ন পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেন। আগুনে তাদের একটি ঘর পুরোপুরি পুড়ে গেছে।

পরিবারের সদস্য সখী মল্লিক জানান, বৃহস্পতিবার নয়ন ডোমের মেয়ের বিয়ে হয়। শুক্রবার সকালে মেয়েকে বিদায় দেন তারা। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বৌভাতের দাওয়াতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৯টা থেকে ১০টার দিকে তাদের ঘরে আগুন লাগার খবর পান।

ভুক্তভোগী সখী মল্লিক প্রেস নারায়ণগঞ্জকে বলেন, ‘এলাকার লোকজন আগুন দেখে দৌড়াদৌড়ি করে এসে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। আমাদের তিনটি ঘরের মধ্যে একটি ঘর পুরোপুরি পুড়ে গেছে। আরেকটি ঘরের ভেতরে থাকা জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। আমরা বাড়িতে এসে দেখেছি। ঘরে কিছুই নেই।’

ঘরে থাকা টাকা-পয়সা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যাওয়ার পর আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সখী মল্লিক। তিনি বলেন, ‘ঘরে ১০ হাজার টাকা ছিল। ছেলের ঘরে রূপার চেইনসহ বিভিন্ন জিনিস ছিল। সব নিয়ে গেছে। এরপর আগুন দিয়েছে। খাটের ওপর আগুন লাগায় ঘরের খাটসহ সব পুড়ে গেছে। শুধু টিন আর কিছু পুড়ে যাওয়া কাঠ পড়ে আছে।’

ঘটনার সময় তারা বাড়িতে না থাকায় আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত নন জানিয়ে সখী বলেন, ‘আমরা তো সেখানে ছিলাম না। কে আগুন লাগিয়েছে, কীভাবে লাগছে, তা বলতে পারি না। যারা ফোন করে জানিয়েছে, তারাও শুধু বলেছে, আমরা যাওয়ার প্রায় এক থেকে দেড় ঘণ্টা পর আগুন দেখতে পেয়ে সবাই মিলে ফায়ার সার্ভিস ও পুলিশ ডেকে আগুন নেভানোর চেষ্টা করেছে।’

ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে নয়ন ডোমের স্ত্রী সুমি রানি প্রেস নারায়ণগঞ্জকে বলেন, ‘আমাদের সব শেষ হয়ে গেছে। ঘরের একটা গ্লাসও পর্যন্ত পাইনি। বাচ্চাদের পরানোর কাপড় নেই, এক গ্লাস পানি খাওয়ার মতো জিনিসও নেই। গত রাত ১২টার পর থেকে রাস্তায় বসে আছি। এমন বিপদে পড়েছি, কোথায় যাব, কী করব বুঝতে পারছি না।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি। প্রাথমিকভাবে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক প্রেস নারায়ণগঞ্জকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে রান্নাঘরে সিগারেট ধরাতে গিয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

লুটপাট ও আগুন দেওয়ার অভিযোগের বিষয়ে ওসি বলেন, তদন্তের পর এ বিষয়ে বলা যাবে।

সর্বশেষ

জনপ্রিয়