৩০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:০১, ২৯ নভেম্বর ২০২৬

বক্তাবলী গণহত্যার ৫৫ বছর, ১৩৯ শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

বক্তাবলী গণহত্যার ৫৫ বছর, ১৩৯ শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী পরগনায় একাত্তরের ২৯ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর সংঘটিত গণহত্যার ৫৫ বছর পূর্ণ হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচি থেকে গণহত্যায় নিহত ১৩৯ শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানানো হয়।

রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালিত হয়।

সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন লক্ষ্মীনগর বধ্যভূমির গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন।

এ সময় তিনি বলেন, “১৯৭১ সালের ২৯ নভেম্বর বক্তাবলী পরগনার ২২টি গ্রামে পাক হানাদার বাহিনীর নির্মম গণহত্যায় ১৩৯ জন শহীদ হন। পরাজয় আসন্ন বুঝে হানাদার বাহিনী দেশ ও জনপদকে পঙ্গু করতে চেয়েছিল, কিন্তু বাঙালির বিজয় ঠেকাতে পারেনি। দীর্ঘ ৫৫ বছরেও এসব শহীদ স্বীকৃতি পাননি। আমরা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুততম সময়ে শহীদ পরিবারগুলোর স্বীকৃতি আদায়ে চেষ্টা করব।”

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুর হোসাইন মোল্লা, সদস্যসচিব আয়াত আলী, সহকারী কমান্ডার সফর আলী, আলাউদ্দিন মোড়ল ও আফজাল হোসেন প্রমুখ।

পরে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর ও ছাত্রশক্তির নেতাকর্মীদের নিয়ে লক্ষ্মীনগর বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তাঁরা কানাইনগরে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কানাইনগর ছোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, “মুক্তিযুদ্ধের সময় বক্তাবলী পরগনা ছিল একটি মুক্তাঞ্চল। এখানকার মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিলেন বলেই হানাদার বাহিনীর আক্রোশে ১৩৯ জনকে হত্যা ও পুড়িয়ে মারার মতো নির্মম ঘটনা ঘটে। এই এলাকার আত্মত্যাগের কথা আমি জাতীয় সংসদেও তুলে ধরেছি, বিশেষ করে বক্তাবলী-আলীরটেকের সেতু দাবির প্রসঙ্গে। শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং নিজ নিজ জায়গায় পরিচয় নিয়ে দাঁড়াতে পারছি। শহীদ ও তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখাই আমাদের দায়িত্ব।”

এদিকে আলফাজ উদ্দিন উদ্যানে মধ্যনগর সমাজকল্যাণ উন্নয়ন সংস্থার আয়োজনে বক্তাবলীর ১৩৯ শহীদের স্মরণসভা, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ায় ক্ষুব্ধ হয়ে পাকবাহিনী এখানকার যুবক, বৃদ্ধ ও নারী-পুরুষকে হত্যা করেছিল। এনসিপি ও আমার পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

অনুষ্ঠানে এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার বলেন, “শহীদ পরিবারগুলোর পাশে না দাঁড়ালে এ ধরনের আয়োজনের সার্থকতা থাকে না। বক্তাবলীর ইতিহাস ও পরিচয় মুক্তিযুদ্ধের আত্মত্যাগের সঙ্গে জড়িয়ে আছে। অথচ স্বাধীনতার পর অনেক ক্ষেত্রেই মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের খোঁজখবর রাখা হয়নি, বরং নানাভাবে বঞ্চনা ও হয়রানির শিকার হতে হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদদের যথাযথ সম্মান দিয়ে তাঁদের আত্মত্যাগের ইতিহাস আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ধরে রাখতে চাই।”

মধ্যনগর সমাজকল্যাণ উন্নয়ন সংস্থার সভাপতি মো. সাঈদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল মিজির তত্ত্বাবধানে অনুষ্ঠানে আলোচক ছিলেন বক্তাবলী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ডেভেলপমেন্ট ফোরামের আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, কানাইনগর ছোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদির খান, পিডিসি সোলার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ ফাউন্ডেশনের চেয়ারপারসন শাহিনা ইসলাম মুক্তি, কানাইনগর ছোবহানিয়া হাইস্কুল প্রাক্তন শিক্ষার্থী অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এ কে শফিউদ্দিন আহমেদ মিন্টু এবং ধলেশ্বরী সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান দেওয়ান।

অনুষ্ঠানে ধলেশ্বরী সাংস্কৃতিক সংসদের শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন এবং শহীদ পরিবারের একজন সদস্য দোয়া পরিচালনা করেন।

সর্বশেষ

জনপ্রিয়