৩০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:০৮, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:০৯, ২৯ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে আ.লীগ নেতার সঙ্গে সখ্যতা নিয়ে বিএনপির দুʼপক্ষের মারামারি

সোনারগাঁয়ে আ.লীগ নেতার সঙ্গে সখ্যতা নিয়ে বিএনপির দুʼপক্ষের মারামারি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হত্যা মামলার আসামি এক আওয়ামী লীগ নেতার সঙ্গে সখ্যতার অভিযোগ এবং বিএনপির অবস্থান কর্মসূচির ক্যাম্পে আগুন দেওয়ার চেষ্টার পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এতে ৮ থেকে ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে পুলিশ বলছে, আহতের কোনো তথ্য তাদের কাছে নেই। 

শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, জামপুর ইউনিয়নের বিএনপি নেতা ও চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন প্রধানের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে প্রতিবাদী অবস্থান কর্মসূচি চলছিল। ওই দিন রাতে একটি ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন গোলজার প্রধান। একই অনুষ্ঠানে অতিথি ছিলেন হত্যা মামলার আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা রাসেল আহমেদ খোকন। মাহফিল শেষে তাদের একসঙ্গে দেখা যাওয়ার অভিযোগ ওঠে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল পালিয়ে যান বলে স্থানীয় সূত্রের দাবি। 

এদিকে গোলজার প্রধানের সমর্থকদের অভিযোগ, আওয়ামী লীগের একদল লোক অবস্থান কর্মসূচির ক্যাম্পে আগুন দেওয়ার চেষ্টা করে। এদের সহযোগিতা করার অভিযোগ ওঠে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু ও যুবদল নেতা সামির হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। 

তবে সেলিম হোসেন দীপু এ অভিযোগ অস্বীকার করেছেন। 

গোলজার প্রধান অভিযোগ করেন, সেলিম হোসেন দীপু তার কাছে চাঁদাও দাবি করেছেন। জামপুর ইউনিয়নে নির্বাচন করতে হলে ১০ লাখ টাকা দিতে হবে বলেও তাকে জানানো হয়। টাকা দিতে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন তিনি। 

অন্যদিকে সেলিম হোসেন দীপু বলেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না, পরে গিয়েছেন। ক্যাম্পে আগুন দেওয়ার চেষ্টা এবং চাঁদা দাবির অভিযোগ ভিত্তিহীন। 

তার দাবি, এ ঘটনাকে কেন্দ্র করে দু-তিনজনকে মারধর করা হয়েছে। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ক্যাম্পে আগুন দেওয়ার চেষ্টার কোনো সত্যতা পাওয়া যায়নি। কেউ আহত হয়েছেন, এমন তথ্যও পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপঙ্কর ঘোষ ও ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়