মহাসড়কে থেমে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা, লেগুনা যাত্রী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে লেগুনার এক যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে সানারপাড় এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন।
নিহত ব্যক্তির নাম শাহাদাত হোসেন (৩৫)। তবে, তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
অন্যদিকে আহত অপর যাত্রীর নাম-পরিচয়ও জানা যায়নি।
পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, সানারপাড় এলাকায় মহাসড়কের একপাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে এসে ধাক্কা যাত্রীবাহী লেগুনা। এতে লেগুনার সামনে থাকা দুইজন যাত্রী গুরুতর আহত হন। একজন ঘটনাস্থলে মারা যান এবং অপরজনকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়।
তবে, ঘটনার পর সেখান থেকে পালিয়ে যান চালক।
“লেগুনা ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। অন্যদিকে পালিয়ে যাওয়া লেগুনা চালককে শনাক্তে কাজ করছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় একটি মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে,” বলেন শিমরাইল ক্যাম্পের ইনচার্জ।





































