সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় পথচারী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক পার হওয়ার সময় একটি তেলের লরির ধাক্কায় হারাধন চন্দ্র দত্ত নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।
শুক্রবার (২৮ আগস্ট) রাত আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় চাষাঢ়া-আদমজী সড়কে এ ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
নিহত হারাধন চন্দ্র দত্ত কুমিল্লা সদরের পশ্চিম মাঝিঘাট এলাকার ভারত চন্দ্র দত্তের ছেলে।
তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় ভাড়াবাসায় থাকতেন এবং প্রাণভল্লব মিষ্টির দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি বলেন, সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি তেলবাহী লরি ওই ব্যক্তিকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কের উপর পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
“এ ঘটনায় সড়ক আইনে মামলা হবে। ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে,” যোগ করেন ওসি।





































