২৩ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১২, ২২ আগস্ট ২০২৬

আড়াইহাজারে ছাত্রদলের বিরুদ্ধে জমিয়তের নেতার বাড়িতে হামলার অভিযোগ

আড়াইহাজারে ছাত্রদলের বিরুদ্ধে জমিয়তের নেতার বাড়িতে হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে বিরোধের জেরে জমিয়তে উলামায়ে ইসলামের এক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলার লাশারদী দিঘীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে জানান ভুক্তভোগী মাওলানা মোস্তফা কাসেমী।

জমিয়তে উলামায়ে ইসলামের আড়াইহাজার উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোস্তফার অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে সরকারি সফর আলী কলেজ ছাত্রদলের সহসভাপতি আশরাফুল ইসলামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন বলে জানান।

মোস্তফা কাসেমী বলেন, ঘটনার কিছুক্ষণ আগেও জমি নিয়ে বিরোধের ঘটনাটি নিয়ে থানায় ছিলেন। বাড়িতে ফেরার পরই হামলার ঘটনা ঘটে।

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম দাবি করেন, বিরোধপূর্ণ জমিটির মালিক তারা। এর পক্ষে কাগজপত্রও তাদের রয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি।

এদিকে, এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। তিনি বলেন, “নারায়ণগঞ্জের সমস্ত আলেম-ওলামাকে নিয়ে এই হামলার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।”

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, “এটি একটি জমি সংক্রান্ত বিষয়। আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ

জনপ্রিয়