২৩ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩০, ২২ আগস্ট ২০২৬

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জোর দিলেন এমপি মান্নান

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জোর দিলেন এমপি মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, প্রাথমিক শিক্ষার ওপর যথাযথ গুরুত্ব দিলে নারায়ণগঞ্জ থেকেও এসপি, ডিসি কিংবা সরকারের গুরুত্বপূর্ণ পদে দেশের প্রতিনিধিত্ব করা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মের শক্ত ভিত গড়তে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের কোনো বিকল্প নেই।

শনিবার (২২ আগস্ট) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও আসিফ আল জিনাতের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, বর্তমান সময়ে গ্রাম থেকে পড়াশোনা করে অনেকেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবসহ গুরুত্বপূর্ণ উচ্চপদে দায়িত্ব পালন করছেন। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে প্রাথমিক পর্যায় থেকেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘আমি এবার আপনাদের কাছ থেকে শিক্ষার মান কেমন হয়, তা সরাসরি দেখব। সোনারগাঁয়ের কোন স্কুল থেকে শিক্ষার্থীরা কত নম্বর পেল, কোন স্কুলের ফলাফল ভালো হলো বা খারাপ হলো এবং কতজন বৃত্তি পেল—এসব কঠোরভাবে তদারকি করা হবে। সোনারগাঁয়ে ১১৩টি প্রাথমিক বিদ্যালয় আছে। আমি চাই প্রতিটি স্কুলের মধ্যে পড়ালেখার একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি হোক।’

শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে পাঠদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যদি শিক্ষার্থীদের নিজের ছেলে-মেয়ে মনে করে পড়ালেখা না করান, তাহলে আমাদের আগামী প্রজন্ম শিক্ষিত হবে না। জোরজবরদস্তি বা অত্যাচার করে ছাত্র-ছাত্রীদের শেখানো সম্ভব নয়। আপনাদের মন থেকে এই দায়িত্ববোধ অনুভব করতে হবে। আপনারা আন্তরিকভাবে পড়ালেখা করালে আমার পক্ষ থেকেও আপনাদের প্রতি বিশেষ সুদৃষ্টি থাকবে।’

মতবিনিময় সভায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য দেশসেরা শিক্ষক ও বিভাগীয় সেরা শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়