কালীর বাজার কসমেটিক-স্টেশনারি ও স্পোর্টস ব্যবসায়ী সমিতির নতুন কমিটি
নারায়ণগঞ্জ নগরীর কালীর বাজার কসমেটিক, স্টেশনারি ও স্পোর্টস বিজনেস অ্যাসোসিয়েশন মার্কেট কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে নগরীর বালুর মাঠ এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম ও এমচাঁন সেন্টারের চেয়ারম্যান জুবায়ের হোসেন সোহাগ।
সভায় ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং বাজারের বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে আবু সায়েম খন্দকার শামীম বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান ও নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। কয়েক মাস ধরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি গঠন করা হয়েছে। বাজারের ব্যবসায়ীদের মধ্যে ঐক্য বজায় রেখে যেকোনো সমস্যা সম্মিলিতভাবে মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, কালীর বাজারকে আরও সংগঠিত ও স্বয়ংসম্পূর্ণ করতে ব্যবসায়ীদের উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। পণ্য আনা-নেওয়ার জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা চালুর বিষয়টি এর মধ্যে রয়েছে। পাশাপাশি বাজারের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার অ্যালার্ম স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
শামীম আরও বলেন, বাজারের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সমন্বয় করে নীতিমালা প্রণয়ন করা হবে। পরবর্তী সময়ে গঠনতন্ত্র চূড়ান্ত করে তা অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে।
সভায় ব্যবসায়ীদের জন্য একটি আর্থিক তহবিল গঠনের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি বাজারের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীদের নিয়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে আবু সায়েম খন্দকার (শামীম) এবং সাধারণ সম্পাদক করা হয়েছে জি. এম. খোকন মোল্লাকে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি আবু নাঈম খন্দকার, সহসভাপতি মো. জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন ও মো. রাজু, সাংগঠনিক সম্পাদক মো. জামান হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. নয়ন, অর্থ সম্পাদক রতন বাবু, প্রচার সম্পাদক রবিন, সহপ্রচার সম্পাদক পারভেজ, ক্রীড়া সম্পাদক রনি, ধর্মবিষয়ক সম্পাদক মো. রোমান এবং সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. খবীর, মো. জাহাঙ্গীর, সজল সাহা, মো. হারুন, মো. তপন, সালমান সাদি, মো. ইয়াসিন, উজ্জ্বল সরকার, এমদাদুল হক, নরুল আমিন, মো. সোহেল, মেহেদী হোসেন, দেলোয়ার হোসেন, মো. ইকবাল, মানিক চান, মো. রাজ্জাক, আমিন হোসেন, ইয়াসিন মিয়া, মো. রাফাত, আক্তার হোসেন ও মো. শাহিন।
নবগঠিত কমিটিকে দিকনির্দেশনা দিতে ছয়জনকে উপদেষ্টা করা হয়েছে। তাঁরা হলেন—মনির উদ্দিন খন্দকার, গোপাল মিত্র, রতন বাবু, জাকির হোসেন চৌধুরী, নূর আহমেদ মাইফুজ ও মো. শামসুজ্জামান রতন।
সভায় বক্তারা বলেন, ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে কালীর বাজারের ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত করা সম্ভব। নবগঠিত কমিটি এ লক্ষ্যেই কাজ করবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।





































